অনুশীলনে ফিরলেন সাকিব, মাঠে ফিরবেন কবে?
May 19, 2025, 4:16 PM
আগে নিয়ম করেই মিরপুরে অনুশীলন করতে দেখা যেতো সাকিব আল হাসানকে। কিন্তু এখন মিরপুর তো বাদ, দেশের বাইরেও ক্রিকেটের সঙ্গে সখ্যতা নেই সাকিবের। এমন অবস্থায় সাকিবের অনুশীলনে ফেরা বড় খবরই বটে।
দীর্ঘদিন পর ব্যাট বল হাতে দেখা গেল সাকিবকে। দুবাইয়ের আজমাইন শহরের একটি মাঠে নেট অনুশীলন করেছেন বাংলাদেশ অলরাউন্ডার। নিজের স্পন্সর পিউমার টি-শার্ট গায়ে এদিন নেটে ব্যাটিং করেন সাকিব।
সাকিব গত বছর নভেম্বরে আবু ধাবি টি-১০ লিগে সর্বশেষ খেলেছিলেন। এরপর আইপিএল, পিএসএল বা দি হান্ড্রেডে নাম দিয়েও দল পাননি। কোন লিগেই দল না পাওয়ায় নভেম্বরের পর থেকে মাঠের বাইরে ছিলেন।
এর মাঝে চলতি বছরের শুরু দিকে ইংল্যান্ডে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়ে ত্রুটিমুক্ত হন। সেই সুখবর থাকলেও কোন লিগে দল না পাওয়ায় খেলার সুযোগ ছিল না সাকিবের।
তবে এবার সাকিবের অনুশীলনে ফেরা মানে তার ক্রিকেটে ফেরার সম্ভাবনা। গত বছর সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টিতে খেলার সুযোগ হয়েছিল তার। এবারও ওই একটি টুর্নামেন্ট-ই খেলার সুযোগ আছে।
বর্তমানে ইংল্যান্ডে চলছে কাউন্টি ক্রিকেটে। কাউন্টিতে সুযোগ পাওয়া যে কোন ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পাওয়ার চেয়ে তুলনামূলক সহজ। কারণে কাউন্টিতে দল বেশি থাকায় খেলার সুযোগ বেশি। পাশাপাশি একই সময়ে পিএসএল ও আইপিএল চলতে থাকায় বিদেশি ক্রিকেটাররা এ্ লিগগুলোতে খেলছেন।
সাকিবের মতো আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা সম্পন্ন কাউকে কাউন্টির দলগুলো দলে নেওয়ার কথা ভাবতেই পারে। ব্যাটে বলে মিলে গেলে সাকিবকে দ্রুতই ক্রিকেটে দেখা যেতে পারে।
সেই সঙ্গে আরও একটি ব্যাপার আছে। সাকিবের দুবাইতে থাকা মানে বাংলাদেশ ক্রিকেটারদের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা। আগামী ১৪ মে আরব আমিরাতে দুই ম্যাচের টি-টোয়েন্টি খেলতে যাওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশ দলের। সেখানে সাকিব ততদিন অবস্থান করলে তার সঙ্গে গত নভেম্বরের পর সরাসরি দেখা হবে বাংলাদেশ ক্রিকেটারদের।