আয়োজক হলেও এশিয়া কাপ খেলবে না ভারত!
May 19, 2025, 4:18 PM
এবারের ছেলেদের এশিয়া কাপের আয়োজক ভারত। অথচ পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্বে তারা নিজেরাই খেলতে চায় না মর্যাদার এই টুর্নামেন্ট! পাকিস্তান-ভারত সংঘাতের সময় কিংবদন্তি সুনীল গাভাস্কার ইঙ্গিত দিয়েছিলেন ভারতের এশিয়া কাপ বয়কটের কথা। এবার ভারতীয় শীর্ষ দৈনিক ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানাল জুনে শ্রীলঙ্কায় হতে চলা মেয়েদের ইমার্জিং এশিয়া কাপের পাশাপাশি সেপ্টেম্বরে নিজেদের মাটিতে হতে চলা ছেলেদের এশিয়া কাপেও না খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
এর অন্যতম কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এখন এসিসির প্রধান। তাছাড়া যুদ্ধের পর দুই দেশের তিক্ততার জন্য পাকিস্তানের সঙ্গে খেলতে চায় না ভারত।
বিসিসিআইয়ের সূত্রের উদ্ধৃতি দিয়ে দৈনিকটি লিখেছে,‘‘ ভারত এমন এক টুর্নামেন্টে খেলতে পারে না যার আয়োজক এসিসির প্রধান একজন পাকিস্তানি মন্ত্রী। এর সঙ্গে পুরো দেশের আবেগ জড়িয়ে।’’
নারী ইমার্জিং এশিয়া কাপ ও ছেলেদের এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহারের কথা মৌখিকভাবে এসিসিকে বিসিসিআই জানিয়েছে বলেও নিশ্চিত করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। গত এপ্রিলে শ্রীলঙ্কার শাম্মি সিলভার জায়গায় এসিসির সভাপতি হন নাকভি।
ভারত না খেলার অর্থ ছেলেদের টুর্নামেন্ট সরে যাবে আরব আমিরাত বা শ্রীলঙ্কায়। কিন্তু এটা নাও মানতে পারে সম্প্রচারকারী প্রতিষ্ঠান। ১৭ কোটি মার্কিন ডলারে (২০৭১ কোটি টাকা) আগামী চার এশিয়া কাপের সম্প্রচারস্বত্ব কিনেছে সনি স্পোর্টস নেটওয়ার্ক। তাতে শর্ত ছিল প্রতিটি আসরে অন্তত দুটি ভারত-পাকিস্তান ম্যাচ থাকার। কিন্তু ভারত না খেললে সনি স্পোর্টস নেটওয়ার্ক এসিসিকে এত অর্থ দিবে না, যা ক্ষতির কারণ হবে সংস্থাটির।